রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এমপি ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের একটি কক্ষে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর আলামত সংগ্রহ ও মৃত্যুর কারণ অনুসন্ধানে সিআইডির ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়। পিবিআইয়ের সদস্যরাও সেখানে কাজ করছেন।
মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।